সীতাকুণ্ড প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ৬টি দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্য’র আয়োজনে লংমার্চ উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্য।
শুক্রবার বিকাল তিনটায় সীতাকুন্ড পৌর সদরস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় লংমার্চের কর্মসূচি, প্রস্তুতি ও দাবিসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
এসময় লংমার্চ সম্পর্কে বিস্তারিত সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ফজলুল করিম, উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুন্ড উপজেলা আমীর মোহাম্মদ তাহের, সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগ সভাপতি শামসুল হুদা আরেফিন, পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, সাবেক উপজেলা আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী প্রমূখ।
অপরদিকে বিকাল ৫ টায় লং মার্চকে স্বাগত জানিয়ে র্যালী করেছে ১১ দলীয় ঐক্য। পৌরসদরের উত্তর বাজার থেকে র্যালী শুরু হয়ে আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার।

















