সীতাকুণ্ডে রাসায়নিক মিশ্রিত ৩০ কেজী পোয়া ও লইট্যা মাছ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

52

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ কেজি রাসায়নিক মিশ্রিত পোয়া ও লইট্যা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় এক মাছ ব্যবসায়ীকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

Advertisement

বৃহস্পতিবার (২৪) সকাল সাড়ে ১০টায় উপজেলার বড়দারোগার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ ও সীতাকুণ্ড থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সাদা পোয়া মাছ ও লইট্যা মাছে কৃত্রিমভাবে লাল রং করতে ক্ষতিকর রাসায়নিক মেশানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে ৩০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি বলেন, রাসায়নিক রং মেশানো মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০২০ অনুযায়ী মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের মাছ বাজারজাতকরণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement