সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা তিন বছর বয়সী অর্ধগলিত এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানার দক্ষিণ পশ্চিম পাশে উপকূল এলাকা থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার সময় জোয়ারের পানিতে একটি অজ্ঞাত অর্ধগলিত শিশুর (ছেলে) লাশ ভেসে আসে। এসময় স্থানীয়রা বিষয়টি নৌ পুলিশকে জানালে বিকাল সাড়ে তিনটা সময় গাউছিয়া কমিটির টিম লিডার মোঃ নাছির এর নেতৃত্ব লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মৃতদেহটি প্রায় ৭/৮ দিন আগের।
কুমিরা নৌপুলিশের ইন্সপেক্টর মোঃ ছমিউদ্দিন বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে সাগর উপকুল থেকে একটি অর্ধগলিত ছেলে শিশুর লাশ উদ্ধার করি। শিশুটির বয়স আনুমানিক তিন বছর। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

















