চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের রূপকার, চতুর্থ আচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আজ ২২ নভেম্বর রোববার মঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল-মঙ্গলারতি, গুরু বন্দনা, স্তব-স্তুুতি পাঠ, হরি ওঁ কীর্তন, মঙ্গল শোভাযাত্রা সহকারে শ্রীশ্রী স্বয়ম্ভুনাথ মন্দির পরিক্রমা, শ্রীশ্রী চন্ডী পাঠ, শ্রীশ্রী গুরু পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ চিকিৎসা প্রদান, বস্ত্র বিতরণ, মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, মহাপ্রসাদ বিতরণ, সনাতন ধর্ম মহাসম্মেলন, সন্ধ্যারতি, সমবেত প্রার্থনা, গীতি আলেখ্য ও সংগীতাঞ্জলী এবং সবশেষে কবিগানের আসর।
বিকেল ৩টায় ‘গীতা গঙ্গোত্রী স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জীব উদ্ধারে গীতাভাবনা’ বিষয়ক সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্টিত হয়।
সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলন স্বাগত বক্তব্য রাখেন শঙ্কর মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য।
আলোচক ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর (আইকিউএসি) অধ্যাপক গণেশ চন্দ্র রায়, আচার্য জ্ঞানানন্দ মহারাজ, সীতাকুন্ড শঙ্কর মঠের সহ-সভাপতি সুলাল কান্তি চৌধুরী, সহ-সভাপতি প্রকৌশলী অমল কান্তি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাস্টার অজিত কুমার শীল, অর্থ সম্পাদক সমীর কান্তি পাল, সহ-অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ রঞ্জিত কুমার মল্লিক, যুগ্ম সম্পাদক বাসুদেব দাশ, শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ নন্দী (এমজেএফ), শঙ্কর মঠ ও মিশন মহানগর গীতা প্রচার সংঘের সাধারণ সম্পাদক লায়ন দিলীপ শীল প্রমূখ।
মঠের সাধু-সন্তুু, কর্মকর্তাবৃন্দ ও ভক্ত-শিষ্য-অনুরাগীরা এসময় উপস্থিত ছিলেন।
সনাতন ধর্ম মহাসম্মেলন বক্তারা বলেন, আধ্যাত্বিক জীবন চর্চার মহাতীর্থপীঠ শঙ্কর মঠ ও মিশন। এ মঠে বসে সুদীর্ঘ ৮০ বছর বসে শ্রীমদ্ভগবতগীতা প্রচারের মাধমে অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস সাধনা করেছেন যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ। তিনি ছিলেন একজন পরম পুরুষ। গীতার আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।
বক্তারা আরও বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখে। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বেও সাধনা করাই হলো গীতা শিক্ষা।

















