সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু তোলার ভাগবাটোয়ারা নিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পি (২৬) নিহতের ঘটনায় প্রধান আসামি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার করা হয়। শনিবার রাতে সীতাকুণ্ডের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
রোববার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হচ্ছে- বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ, দীঘির নালার ফকির আহম্মদের নতুন বাড়ির ইসমাইল হোসেনের ছেলে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসেন (২৯), অলিনগর চৌকিদার বাড়ির মৃত নুর আলমের ছেলে ফখরুল ইসলাম (৩২), অলিনগর নতুন বদু বাড়ির মোজাম্মেল হকের ছেলে মোঃ ইফতেখার (৩৫), নডালিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান (২৮), মুরাদপুর হাসনাবাদ জিয়াজি হজুর বাড়ির নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জাবেদ এবং ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ দীঘির নামার জহির ইসলামের ছেলে মোঃ রনি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর গ্রামে এলাকার আধিপত্য বিস্তার এবং সাগর থেকে বালু উত্তোলনের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে আরিফ গ্রুপ এবং সাদ্দাম গ্রুপের বিরোধের জেরে গুলাগুলিতে যুবদলকর্মী তারেখ হোসেন বাপ্পি নিহত হন। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরো একজন আহত হন।
ব্রিফিংকালে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, পূর্ববিরোধের জেরে বাপ্পিকে নিজেদের আধিপত্য বিস্তারের পথে বাধা মনে করে অভিযুক্তরা তাঁর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা আগে থেকেই ঘটনাস্থলে অবস্থান নেন এবং বাপ্পির মোটরসাইকেলের গতিরোধ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। পরে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করা হয়। একই সময়ে বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসা শাওনও তাঁদের সশস্ত্র হামলার শিকার হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পরপরই চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আরিফ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়।














