বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ডে লরীর ধাক্কায় ব্যবসায়ী নিহত

22

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুল হুদা মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় মুদি ও স্টেশনারি ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড় ভাই মোঃ নুরুল মোস্তফা জানান, মহাসড়কের ইদিলপুর এলাকায় দ্রুতগতির একটি লরি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। অনুষ্ঠান শেষে ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, একটি লরীর ধাক্কায় নুরুল হুদা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অজ্ঞাত গাড়িটি আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement