চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার দুটি ওষুধের দোকানে ফার্মাসিস্ট ছাড়াই চলছিল ওষুধ বিক্রি। শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এর সত্যতা পেয়ে প্রতিষ্ঠান দুটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাসপাতালের পাশে একটি গোডাউনের অবৈধ আবাসিক বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) পরিচালিত অভিযানে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান।
এ সময় ওষুধের দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার সংরক্ষণের বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা এবং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যরা সহযোগিতা করেন।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি গোডাউনে আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়টি ধরা পড়ে। পরে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে গোডাউনটিতে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ইউএনও আবদুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষা, ওষুধ বিক্রিতে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















