নিজস্ব প্রতিবেদন | চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার ইছাপুর বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মূসকসহ ২ হাজার ৬০ টাকা। এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















