ক্রিকেট খেলতে গিয়ে হারিয়েছিলেন দুই চোখের দৃষ্টিশক্তি। কিন্তু তাতেও থেমে যায়নি তাঁর স্বপ্ন। অদম্য ইচ্ছাশক্তি ও ক্রিকেটের প্রতি ভালোবাসাকে সঙ্গী করে এবার বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট জাতীয় দলে জায়গা করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম।
২০১১ সালের ২৮ মে ক্রিকেট খেলতে গিয়ে চোখে বলের আঘাত পান তিনি। এতে দুই চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে দেশ-বিদেশে চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচার করেও দৃষ্টিশক্তি ফিরে পাননি।
তবে দৃষ্টিশক্তি হারালেও ক্রিকেটের প্রতি ভালোবাসা হারাননি আরাফাতুল। প্রতিকূলতাকে জয় করে ব্লাইন্ড ক্রিকেটে নিজেকে গড়ে তোলেন একজন দক্ষ খেলোয়াড় হিসেবে।
২০২১ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০২২ সালের ব্লাইন্ড ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। ২০২৩ সালে ইংল্যান্ডের বার্মিংহামে আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে ব্রোঞ্জপদকজয়ী দলেরও অংশ ছিলেন আরাফাতুল।
এবার ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য বাংলাদেশের জাতীয় দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরাফাতুল ইসলামের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন পূরণের এক অনন্য দৃষ্টান্ত।
















