সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রতিদিন ৬০ হাজার টাকা ভাড়ায় নিয়েছে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আগামী ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের জন্য মাঠ বরাদ্দ দেওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আয় হবে মোট ৯ লাখ টাকা।
তবে মাঠ ভাড়ার বাইরে ফ্লাডলাইট, ডিজিটাল স্কোরবোর্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে আলাদাভাবে অর্থ পরিশোধ করতে হবে।
এদিকে, সাফের টিকিট বিক্রি থেকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য অংশ নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য বরাদ্দ করা জাতীয় স্টেডিয়ামের স্কাইলাউঞ্জ ব্যবহার নিয়েও দেখা দিয়েছে জটিলতা।
জাতীয় ক্রীড়া পরিষদ ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত স্কাইলাউঞ্জ সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দিয়েছে। তবে টিএসএ কর্তৃপক্ষ শুধু ম্যাচের দিনগুলোতে স্কাইলাউঞ্জ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

















