আমাদের দেশে ডায়াবেটিস এখন আর শুধু রোগ নয়, এটি নীরবে বেড়ে চলা একটি জনস্বাস্থ্য সংকট। চেম্বারে প্রতিদিন যাঁদের দেখি, তাঁদের অনেকেই বলেন, ‘ডাক্তার সাহেব, আগে তো কোনো সমস্যাই ছিল না।’ আসলে সমস্যা শুরু হয়েছিল বহু বছর আগে, শরীরের ভেতরে, কোনো লক্ষণ ছাড়াই। এর অন্যতম বড় কারণ স্থূলতা।
শরীরে বাড়তি মেদ, বিশেষ করে পেটের চারপাশে জমা চর্বি ইনসুলিনের কাজে বাধা দেয়। ফলে অগ্ন্যাশয়কে বেশি ইনসুলিন তৈরি করতে হয়। বছরের পর বছর এই চাপ সামলাতে সামলাতে একসময় সেটি ক্লান্ত হয়ে পড়ে, আর রক্তে শর্করা বাড়তে শুরু করে। এভাবেই গড়ে ওঠে টাইপ ২ ডায়াবেটিস। আমাদের দেশে অনেকের বিএমআই তুলনামূলক কম থাকলেও কোমরের মাপ বেশি, তাই ওজন ‘স্বাভাবিক’ দেখালেও ঝুঁকি থেকে যায়।
সুখবর হলো, এই পথ আটকানো সম্ভব। গবেষণায় দেখা গেছে, ঝুঁকিতে থাকা মানুষ জীবনযাপনে পরিবর্তন এনে ওজন কমালে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা উল্লেখযোগ্যভাবে কমে। শরীরের ওজনের মাত্র ৫ থেকে ৭ শতাংশ কমানোই অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়। খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যক্রমে নিয়মিত পরিবর্তন আনার পরও যদি তিন থেকে ছয় মাসের মধ্যে ওজন প্রত্যাশিত মাত্রায় না কমে, তাহলে ওজন কমানোর ওষুধের কথা বিবেচনা করতে হয়; বিশেষ করে যাঁদের স্থূলতার সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তবে এসব ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে গ্রহণ করতে হবে। নিজে থেকে বা অন্যের দেখাদেখি ওষুধ নেওয়া বিপজ্জনক। মনে রাখতে হবে, ওষুধ খাদ্যাভ্যাস ও ব্যায়ামের বিকল্প নয়, বরং সহায়ক।
ডা. সুমন রহমান চৌধুরী
রেজিস্ট্রার
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

















