ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

2

ধর্মীয় মূল্যবোধ, ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামের রুমঘাটায় প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী সমাজের শিরোমণি, প্রখ্যাত বক্তা অধ্যাপক সদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব হরিপদ দে এবং অধ্যাপক অশিম চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক সদেশ চক্রবর্তী তাঁর স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ ও সুধীজনদের শুভেচ্ছা জানান। পরবর্তীতে অধ্যাপক অশিম চক্রবর্তী নবগঠিত মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বাবু কিশোর দত্ত মানু এবং মন্দির কমিটির সম্পাদক বাবু জয়দীপ পাল দুলু। তাঁরা তাঁদের বক্তব্যে মন্দিরের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের মন্দির কমিটির সভাপতি সত্যজিৎ বিশ্বাস, মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাবু রূপক দাস, উপদেষ্টা পরিষদের সদস্য শ্যামাপ্রসাদ রক্ষিতসহ উভয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে রুমঘাটার সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বাবু রূপক দাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। তিনি তাঁর বক্তব্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে প্রগতি সংঘের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিশেষে, নবগঠিত মন্দির কমিটি ও মন্দির উন্নয়ন কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মন্দিরের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

Advertisement