শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা চট্টগ্রাম ওয়াসার

29

শুষ্ক মৌসুমে পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে প্ল্যান্টসমূহে ভাসমান ইনটেক (Floating Intake) স্থাপনের পরিকল্পনা করছে। এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকলেও বাংলাদেশে চট্টগ্রাম ওয়াসা সর্বপ্রথম এটি বাস্তবায়নের কাজ হাতে নিচ্ছে।

Advertisement

শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা তথা কর্ণফুলী নদীর পানির প্রবাহের উপর নির্ভর করে ওয়াসার পানির উৎপাদন। কর্ণফুলী নদীর পানির প্রবাহ কমে গেলে রাঙ্গুনীয়াস্থ ওয়াসার সর্ববৃহৎ পানি শোধনাগার কর্ণফুলী-১ ও ২ এর পানি উৎপাদন হ্রাস পায় এবং পাশাপাশি নদীর পানি প্রবাহ কমে গেলে সমুদ্রের পানি হালদা নদীতে প্রবেশ করায় লবণাক্ততা বৃদ্ধি পায়। এসময় হালদা নদীর তীরে অবস্থিত ওয়াসার দুইটি পানি শোধনাগার যথাক্রমে মোহরা ও মদুনাঘাট পানি শোধনাগারের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়। বোয়ালখালীস্থ ভান্ডালজুড়ি পানি শোধনাগারেও লবণাক্ততার প্রবাহের কারণে উৎপাদন কমিয়ে দিতে হয়।

এরূপ পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে সুপেয় পানি সরবরাহ ৮ থেকে ১০ কোটি লিটার হ্রাস পায় বিধায় মহানগরীতে পানির জন্য হাহাকার ও জনদূর্ভোগ সৃষ্টি হয়। শুষ্ক মৌসুম তথা জানুয়ারী থেকে মার্চ/এপ্রিল পর্যন্ত পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা হাতে নিচ্ছে ওয়াসা। এই পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

এই পরিকল্পনার বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম বলেন, বাংলাদেশে সর্বপ্রথম চট্টগ্রাম ওয়াসায় ভাসমান ইনটেক স্থাপন কাজ হাতে নেয়ার পরিকল্পনা করছি। ভাসমান ইনটেক হলো এমন একটি পানি উত্তোলন ব্যবস্থা যা পানির স্তরের ওঠানামার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে উপরে বা নিচে ভাসতে পারে। বর্ষা বা শুষ্ক মৌসুমে নদীর পানির স্তর কমে বা বেড়ে গেলেও পাম্পটি পানির উপরে ভেসে থাকে। ফলে পাম্প পানির নিচে ডুবে নষ্ট হওয়ার বা পানি শূন্য হয়ে যাওয়ার ভয় থাকে না। পানির গভীরতা পরিবর্তিত হলেও বারবার পাম্পের স্থান পরিবর্তন বা পাইপ ছোট-বড় করার ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে পানি তোলা যায়। পানির একেবারে নিচের স্তরে কাদা, বালি ও পলি জমে থাকে। ভাসমান ইনটেক যেহেতু পানির উপরিভাগের ঠিক নিচ থেকে পানি টানে, তাই পাম্পে কাদা বা ময়লা ঢোকার সম্ভাবনা অনেক কম থাকে। পরিষ্কার পানি প্রবাহিত হওয়ার কারণে পাম্পের ভেতরের যন্ত্রাংশ (যেমন ইমপেলার) কম ক্ষয় হয় এবং পাম্পের রক্ষণাবেক্ষণ খরচ কমে যায়। মহানগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে ভাসমান ইনটেক স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি যা বাস্তবায়নে করতে কাজ শুরু করেছি।

Advertisement