নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে শুধু ডায়াবেটিস চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পূর্ণাঙ্গ মাল্টি-ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তর করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে উন্নত চিকিৎসাসেবার জন্য আরও হাসপাতাল প্রতিষ্ঠা করা জরুরি। সরকার ইতোমধ্যে বিভিন্ন স্থানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের রয়েছে দীর্ঘদিনের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে নগরবাসীকে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তবে সময়ের চাহিদা বিবেচনায় চিকিৎসাসেবার পরিধি ও মান আরও সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিষ্ঠানে উন্নীত করা প্রয়োজন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও তত্ত্বাবধায়ক কমিটির সদস্য ডা. গোলাম চৌধুরী নোবেল, অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, হাসপাতালের উপ-পরিচালক ডা. সলিমুল্লাহ এবং কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডা. জুলেখা শামস।
হাসপাতালের বর্তমান কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরে সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক কমিটি দায়িত্ব গ্রহণের ৫২তম দিনে ১৩তম ডায়াবেটিস মেলা সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের চিকিৎসাসেবার মান অক্ষুণ্ণ রেখে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলায় স্বাস্থ্য সচেতনতামূলক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিস পরীক্ষার সরঞ্জামে বিশেষ মূল্যছাড় প্রদান করা হয়েছে। পাশাপাশি স্বল্পমূল্যে এক্সিকিউটিভ হেলথ চেকআপ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের বিদ্যমান আইনি জটিলতা ও বিগত কমিটির সংশ্লিষ্ট মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্রুত একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিস মেলার শেষ দিনে সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং আদর্শ রোগী ও সেরা স্টলকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















