গৌরবের ৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : প্রতিষ্ঠার ইতিহাস ও আগামীর প্রত্যাশা

60

মহিউদ্দীন টিপু: ছয় দশকের পথচলা পেরিয়ে গতকাল ১৮ নভেম্বর গৌরবের ৬০ বছরে পদার্পণ করেছে দক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই ঐতিহাসিক মুহূর্তে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই দূরদর্শী মানুষদের, যাঁদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ত্যাগে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রিয় এই প্রাঙ্গণ।

Advertisement

চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম স্বপ্ন দেখেছিলেন মওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদী। তিনি ১৯৪০ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সম্মেলনে সভাপতির ভাষণে চট্টগ্রাম অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এর ধারাবাহিকতায় ১৯৬১ সালে চট্টগ্রামের মুসলিম হলে প্রধান অতিথির ভাষণে ড. মুহম্মদ শহীদুল্লাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জোরালো মত প্রকাশ করেন এবং অবৈতনিক শিক্ষক হিসেবে পাঠদানের প্রতিশ্রুতি দেন। তাঁর প্রেরণায় গঠিত হয় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ’।

সংগ্রাম পরিষদের সভাপতি বাদশা মিঞা চৌধুরী ও আহ্বায়ক অধ্যাপক আহমদ হোসেনের নিরলস কর্মপ্রচেষ্টা এ আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। তাঁদের নেতৃত্বে ১৯৬২ সালের ৯ ডিসেম্বর লালদীঘির ময়দানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’-এর মাধ্যমে ছাত্র আন্দোলন আরও বেগবান হয়। অন্যদিকে, আন্দোলনের শুরু থেকেই যুক্ত থাকা ফজলুল কাদের চৌধুরী ১৯৬৩ সালের ১২ ডিসেম্বর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ টি এম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়টি কুমিল্লার পরিবর্তে চট্টগ্রামে স্থাপনের নির্দেশ দেন।

এরপর ১৯৬৫ সালের ৩ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিককে প্রকল্প পরিচালক নিযুক্ত করা হয়। তাঁর অক্লান্ত প্রচেষ্টা এবং চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে সংগৃহীত ২৫ লাখ টাকার তহবিলের ওপর ভিত্তি করে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফসল এই বিশ্ববিদ্যালয় কেবল ইট-পাথরের স্থাপনা নয়; এটি জাতির আলোকবর্তিকা, স্বপ্ন ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সাক্ষী এই প্রাঙ্গণ ছয় দশক ধরে জাতিকে উপহার দিয়েছে অসংখ্য জ্ঞানী, গবেষক, চিন্তক ও নেতৃত্বদানকারী মানুষ।

তবে এই গৌরবময় পথচলাকে আরও অর্থবহ করতে এখনই কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে মৌলিক ও যুগোপযোগী গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আবাসিক সুবিধা ও গবেষণার সুস্থ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরও বেশি জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে পারবেন।

সব ধরনের সংকীর্ণতা ও দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের এই প্রিয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বমানের বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হোক—৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি এই প্রত্যাশা ও অফুরন্ত শুভকামনা।

লেখক : সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Advertisement