সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় পৈত্রিক সম্পত্তি জবরদখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মো. কামাল উদ্দিন (৪৭) নামে এক ভুক্তভোগী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বাজালিয়ার এবি কনভেনশন হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় লিখিত বক্তব্যে বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল মুবিনের ছেলে কামাল উদ্দিন বলেন তার সঙ্গে চাচা খলিলুর রহমান (৬৫) এবং চাচাতো ভাই মোহাম্মদ হারুন (৩৫) ও মোহাম্মদ সুমনের (২৮) ওয়ারিশসূত্রে পাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযুক্তরা জোরপূর্বক তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছে।
ভুক্তভোগীরা আরো জানান, প্রতিনিয়ত অভিযুক্তরা কামাল উদ্দিনের হাত-পা ভেঙে দেওয়া ও প্রাণে হত্যার হুমকি দেন। অভিযুক্তরা উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ সময় ভুক্তভোগীরা বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুবিচার আশা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















