দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, তখন এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জননিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের পাহাড়তলী ডি.টি. রোড এলাকায় ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজু।
নাজিমুর রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীরা রাজনৈতিকভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ও ভীতি সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাকে আর রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। দেশে ফিরলে তাকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই ফিরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি, মাদক কারবার ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে কোনো ধরনের উসকানি, গুজব কিংবা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও শিহাব উদ্দিন মুবিন।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবলু হক, বিএনপি নেতা দিদারুল রহমান সুমন, মো. আফসার, মো. আলমগীর, আরিফ মেহেদী, মুজিবুল হক, এনামুল কবির, জাহাঙ্গীর আলম, মাহাবুব আলম, লালু সর্দার নাছির, এ কে এম হায়দার আলী, মীলকান আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. ফারুক, মোর্শেদ ইলিয়াস, মো. সেলিম, সিরাজ সওদাগর, আবু ঈসা বাবলু, তানভীর, আবুল হাসনাত আজাদ, সালাউদ্দিন রাসেল, মো. তুষার, জুয়েল মির্দা, সেলিম উদ্দিন, ফোরহান উদ্দিন অপু ও রমজানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাহাড়তলী ডি.টি. রোড থেকে শুরু হয়ে ঈদগাহ কাঁচা রাস্তা পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
















