আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

5

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

Advertisement

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। মশাল হাতে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো কর্মসূচিতে প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়ব।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, কোথাও নাশকতা কিংবা সহিংসতা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।

এস এম তৈয়ব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা এ বিক্ষোভ মশাল মিছিলের আয়োজন করেছেন। ছাত্রদল রাজপথের সংগঠন, রাজপথের আন্দোলন-সংগ্রামেই বিশ্বাসী। ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা রাজপথে সক্রিয় থাকবেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে সচেতন থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

এ সময় বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement