নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, রেলওয়েরর সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

56

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।

Advertisement

তাঁদের মধ্যে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত আসামির নাম সরোয়ার হোসেন।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো.এনামুল ইসলাম বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে পৃথক ধারায় দুই বছর ও সাবেক পূর্বাঞ্চল এসডব্লিউও গোলাম কিবরীয়াকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় সরোয়ার হোসেন নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায়ের সময় আদালতে গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ জন অংশ নেন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন। তবে মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে গোলাম কিবরীয়া নিজে আরেকটি নম্বরপত্র তৈরি করেন। মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তনের অভিযোগ ওঠে।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট প্রাপ্ত নম্বরের হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ২৫ এপ্রিল আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

Advertisement