চট্টগ্রামে সমন্বিত ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ সিএসসিআর’র

8

চট্টগ্রামে পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর)। এ লক্ষ্যে ‘Awareness to Care’ কর্মসূচির ধারাবাহিকতায় বিনামূল্যে মাল্টিডিসিপ্লিনারি (বহুবিভাগীয়) টিউমার বোর্ডের পরামর্শ এবং নির্বাচিত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertisement

পিংক অক্টোবর ২০২৬ ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় নভেম্বর মাসব্যাপী চলমান ‘Awareness to Care’ কর্মসূচির আওতায় যুক্তরাজ্য থেকে আসা অতিথি সার্জন ডা. মেরিনা পার্টন (Marina Parton), ডা. লরা জনসন (Laura Johnson) এবং ডা. মো. জাকের উল্লাহকে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সম্মাননা প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে পিংক অক্টোবরের মাসব্যাপী ব্রেস্ট ক্যানসার ক্লিনিক কার্যক্রমে অংশগ্রহণকারী চিকিৎসকদেরও সম্মাননা সনদ দেওয়া হয়।

পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. মো. আহসানুল আবেদীন ও ডা. সায়রা বানু শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ও সিএসসিআরের চেয়ারম্যান ডা : খুরশিদ জামিল চৌধুরী, অতিথি সার্জন ডা. মেরিনা পার্টন, ডা. লরা জনসন এবং ডা. মো. জাকের উল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ করিম চৌধুরী, অধ্যাপক এস এম তারেক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, অধ্যাপক ডা. মাসুদ করিমসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘Awareness to Care’ কর্মসূচির পরবর্তী ধাপ ‘Care to Excellence’। এ কর্মসূচির আওতায় চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতি সমর্থন জানান। এ কাজে তাঁর পক্ষ থেকে জমি প্রাপ্তি থেকে শুরু করে সার্বিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি যুক্তরাজ্য থেকে আসা তিনজন বিশেষজ্ঞ অনকোলজিস্ট ও ব্রেস্ট সার্জনদের প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা ও প্রশিক্ষণ কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের সহযোগিতা প্রত্যাশা করেন।

Advertisement