সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোট ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান।
পদকপ্রাপ্তদের মধ্যে ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) লাভ করেন।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

















