নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে বৈঠক শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে যেসব বিষয় আলোচনা হয়েছে
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে এই ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের বিষয়টিও যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম আরও জানান, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে এনসিপি। এর মধ্যে রয়েছে:
– গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ।
– সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির কার্যক্রম পুনর্বিবেচনা।
– জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার।
– কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিচার।
– ভারতের সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের দৃঢ় অবস্থান।
এনসিপির পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।
অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, সরকার স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’সহ সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ বিষয়ে কাজ করবে।
রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতা
এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই দিনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও তাঁর বৈঠক হয়। সেই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এনসিপির সঙ্গে বৈঠকের পর পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপের পরিকল্পনা রয়েছে।
















