নগরের জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন। এতে বিশ্বের ছয় দেশের খ্যাতিমান কারিরা পবিত্র কোরআনের মনোমুগ্ধকর তেলাওয়াত পরিবেশন করবেন।
বাদ আসর থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে মিসর, ইরান, আফগানিস্তান, তুরস্ক, ইরাক ও বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছয় কারি অংশ নেবেন।
আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি।
সার্বিক সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)।
সম্মেলনে অংশগ্রহণকারী কারিরা হলেন মিসরের ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের মাহদি আদেলী, আফগানিস্তানের আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ হুসাইন তুরকান, ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী এবং বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আহমেদ বিন ইউসুফ আজহারী।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত শোনার এক বিশেষ আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কারিদের তেলাওয়াতে সম্মেলনস্থল মুখর হয়ে উঠবে।
এ আয়োজন সফল করতে ধর্মপ্রাণ মুসলমানদের সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের নেতারা।
















