শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ২

23

নিজস্ব প্রতিবেদন | চট্টলা নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর শাহ আমানত খান (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নগরের কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকায় অবস্থিত মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের বরাতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাজার ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ। একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের একজনের পকেট থেকে লাল স্কচটেপে মোড়ানো একটি ককটেল উদ্ধার করা হয়।

পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ককটেলটি নিজেদের হেফাজতে নেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাজারে লোকসমাগমের সুযোগ নিয়ে নাশকতার উদ্দেশ্যে তাঁরা সেখানে যেতে পারেন। তবে তাঁদের উদ্দেশ্য ও ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, প্রতি বৃহস্পতিবার শাহ আমানত (রহ.) মাজারে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মাজারটির অদূরেই অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ও সতর্কতা জোরদার করা হয়েছে।

Advertisement