বোয়ালখালীতে রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা করায় দীর্ঘ যানজটে পড়েন স্থানীয় এমপি মোছলেম উদ্দিন আহমদের গাড়িবহর। শেষ পর্যন্ত ১৩ জন দোকানিকে আটক করে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার সদরে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১৯ মে সর্বশেষ উপজেলা সদরের প্রধান সড়কের দুইপাশ হকারমুক্ত করেছিলো থানা পুলিশ। দু’চারদিন গড়াতেই ফের সড়কের দু’পাশ দখলে নেয় ওই হকাররাই। এতে নিত্য যানজটে চিরাচরিত নিয়মে সাধারণ চলাচলকারীরা ভুগছিলো। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদর অতিক্রম করার সময় হকারদের রাস্তা দখল করে ব্যবসা পাতানোয় যানজটে পড়েন স্থানীয় এমপি মোছলেম উদ্দিন আহমদের গাড়িবহর।
বিষয়টি নিশ্চিত করেন এমপি মোছলেম উদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, কড়লডেঙ্গা ইউনিয়নে সড়ক উদ্বোধনের জন্য এমপি সাহেব বোয়ালখালী এসেছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের এসআই মোস্তফা কামাল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে সড়ক দখল করে মালামাল রেখে জনসাধারণ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিলো ভাসমান হকাররা। গুরুত্বপূর্ণ এ স্থানে তাদের একাধিকবার না বসতে বলা হয়। কিন্তু কে শুনে কার কথা ? শুক্রবার উপস্থিত ১৩ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম জানান, বারবার এসব ভাসমান হকারদের উচ্ছেদ করলেও তারা আবারো সংঘবদ্ধ হয়ে ফুতপাত ও সড়ক দখল করে বসে পড়ে। আজকে এমপির গাড়িও আটকে পড়েছিলো যানজটে। ভবিষ্যতে ফুটপাত দখল করে জনচলাচলে বিঘ্ন ঘটতে দেয়া হবে না।
















