চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মধুবন সুইটস ইন্ডাষ্টিসের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক এক লক্ষ টাকা ও একই দিন অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসে’র নেতৃত্বে পরিচালিত অভিযানে নন্দনকাননস্থ বৌদ্ধ মন্দির সড়কে সানমার আবাসন প্রকল্পের নির্মানাধীন ভবনের নির্মান সামগ্রী রাস্তায় রেখে ও স্টেশন রোডের ফলের আড়তের সামনে বিভিন্ন ফলমূল রাস্তার উপর রেখে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির দায়ে নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নগরের জামালখান ও গনি বেকারী মোড় এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করে বেকারী পণ্য ও রেস্টুরেন্টের খাবার তৈরী ও বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে মেজ্জান হাইলে আইয়ুন রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা এবং মডার্ণ গণি বেকারীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১০ হাজার টাকা ও অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসে’র নেতৃত্বে পরিচালিত অভিযানে আশকারদিঘীর পাড়ে বিভিন্ন দোকানের ফার্ণিচার ফুটপাতে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টির দায়ে চার দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটদ্বয়কে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।
















