মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।
এর আগে গত সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।
গত ৩১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে শুনানি শেষ হয়।
২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা, ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে। তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় তিনি মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। বিএনপি থেকে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুবার বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক পদে আছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

















