রমজানে ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় পণ্য এখন থেকেই মজুদের উদ্যোগ গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নিকট অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বাণিজ্যমন্ত্রীর নিকট এ অনুরোধ জানান।
এসময় তিনি বলেন প্রতি বছর পবিত্র রমজান আসার আগে থেকেই আমাদের দেশের কতিপয় অসাধু ব্যবসায়ীরা জনগনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে জনভোগান্তি সৃষ্টি করে। এছাড়া পবিত্র রমজানকে সামনে রেখে প্রতি বছর নানা রকমের মৌসুমি ব্যবসায়ী ও মজুদদারদের আর্বিভাব ঘটে। এসব মৌসুমি ব্যবসায়ীরা মূলত রমজানের ব্যবহার্য নিত্যপণ্য চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, চাল, সয়াবিন, খেজুরসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্য বিক্রী করে থাকে। আর এসব পণ্যের দাম বৃদ্ধি করে জনগনকে অস্বস্তিতে ফেলে অসাধু ব্যবসায়ীরা। এসব মৌসুমি অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মের কারণে জনগনের জনজীবন হয়ে উঠে অসহনীয় ও যন্ত্রণাদায়ক।
সরবরাহ পরিস্থিতি ভালো থাকার পরেও সরবরাহে ঘাটতি এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে তারা ধর্মপ্রাণ মুসলমানদের অহেতুক কষ্ট দেয়। যার কারণে বছরে একবার পালিত হওয়া রমজানের ভাবগাম্ভীর্য বজায় রাখা কষ্টকর হয়ে পড়ে। এভাবে অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়েন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকজন। সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও এসব অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে ঠিকই তাদের মুনাফা লুটে নেয়।
তাছাড়া আমদানি করা ভোগ্যপণ্যের একটি শক্ত সিন্ডিকেট রয়েছে আমাদের দেশে। তারা অতিরিক্ত মুনাফার জন্য বিভিন্ন সময় ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। যার ফলে অনেক ভোগ্যপণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কম হলেও দেশে বেশি রাখা হয়। তাই এসব সিন্ডিকেট ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ এবং রমজান কেন্দ্রিক জনগনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এখন থেকেই এসব পণ্যের মজুদের উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে রমজান আসলে কেউ কোন ধরনের অজুহাতে এসব পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে।
করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে এমনিতে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটা কঠিন হয়ে পড়েছে। তাই সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেদিকে সবারই সতর্ক দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকার সবসময়ই জনগনের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে জনগন সেটাই প্রত্যাশা করে। কোন ধরণের অসাধু ব্যবসায়ী চক্র যাতে অযথা জনজীবনে অশান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য বাণিজ্যমন্ত্রীর নিকট অনুরোধ জানান সুজন।
তিনি আরো বলেন আসন্ন রমজানে ইফতার ও সেহরিতে ব্যবহৃত ভেজাল খাদ্যপণ্য এখন থেকেই উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে ভেজাল পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে এখন থেকেই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদেরকে এখন থেকেই প্রতিহত করা না গেলে তারা ভেজাল পণ্য উৎপাদন করে বাজার সয়লাব করে ফেলবে। আর এর কুফল ভোগ করতে হবে সাধারণ জনগনকে। তাই এদের বিরুদ্ধে এখন থেকেই বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দের নেতৃত্বে সাড়াশি অভিযান পরিচালনার অনুরোধ জানান সুজন।
তিনি নাগরিক সমাজকেও এসব ভেজাল খাদ্য উৎপাদন এবং বিপণনকারীদের বিরুদ্ধে সজাগ হওয়ার আহবান জানান এবং এ সংক্রান্ত সংবাদ নাগরিক উদ্যোগকেও জানানোর অনুরোধ জানান।

















