চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম হচ্ছে প্রকৃতির অনন্য সৃষ্টি। প্রকৃতিকন্যা চট্টগ্রামের উন্মুক্ত উদ্যান, সড়ক, ফুটপাত, মিডআইল্যান্ড ও গোলচত্ত্বরসমূহকে সুশোভিত উপস্থাপনের জন্য হাতে নেয়া হয়েছে বিভিন্ন ধরণের সৌন্দর্যবর্ধন প্রকল্প। প্রকৃতির সাথে সমন্বয় রেখে এর সৌন্দর্যবর্ধন কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৃজনশীলতা ও বৈচিত্র্যময় চিন্তা-চেতনার। এইসব প্রকল্পের মাধ্যমে নগরীকে নান্দনিক ও সবুজায়ন করে নগরীকে তার চিরচেনা রূপে ফিরিয়ে আনতে হবে এবং ঐতিহ্যবহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করতে হবে।
আজ বুধবার সকালে ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
মেয়র প্রকল্পের চলমান কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত করে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।

















