কেউ ভ্যাকসিন না পেয়ে থাকবেনাঃ সিভিল সার্জন

814

করোনা থেকে সুরক্ষায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, শ্রমজীবী, হিজড়া, বেদে সম্প্রদায় ও বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার যারা ইতোমধ্যে বিভিন্ন কারণে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে।

Advertisement

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর)  দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে ১ হাজার ৫’শ ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়ৎদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে আরও ১ হাজার সহ মোট ২ হাজার ৫’শ জন মানুষকে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। আগামী ২ মাস পর তাদেরকে ২য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে।

বাস্তুহারায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

সরকারী গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আয়োজন করেন।

বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি উত্তম কুমার সুশীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া বাস্তুহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির হোসেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার আলী, সরকারী গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ এয়াছিন আরাফাত বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি শওকত ইসলাম সুজন, যুগ্ম সম্পাদক অরুণ দাশ, সমাজ সেবিকা মোছাম্মৎ ইয়াছমিন প্রমূখ। চাক্তাই-খাতুনগঞ্জ আড়ৎদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক।

ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আমাদের সকলকে সুরক্ষিত থাকতে হবে। সরকারের নির্দেশে চট্টগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রত্যেক মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই বা থাকলেও কোন কারণে সুরক্ষা অ্যাপ্সের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর নির্দিষ্ট কার্ডে লিখে অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর মনে আছে তাদের নম্বর ঐ কার্ডে উল্লেখ করা হয়েছে। কেউ ভ্যাকসিন না পেয়ে থাকবেনা। এটা বর্তমান সরকারের সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও জানান, ভ্যাকসিন দেয়া থাকলে করোনার ঝুঁকি অনেকটা কম। করোনা ও ওমিক্রন থেকে রক্ষা পেতে হলে পর্যায়ক্রমে সবাইকে কোভিড ভ্যাকসিনের আওতায় আসতে হবে। নিজে ভ্যাকসিন নিয়ে অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ সামজিক দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। জমাসমাগম ঘটে এমন সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

এদিকে ৩০ ও ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ বি-নাগ লেইনের মরহুম বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের বাড়ি সংলগ্ন মাঠে ও হালিশহর থানাধীন ১১নং দক্ষিণ কাট্টলী আবদু পাড়ার ভূইয়া ম্যানসন এলাকায় ৩ হাজার শ্রমজীবী মানুষকে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

গোসাইলডাঙ্গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী ভ্যাকসিন প্রদান কার্যক্রমের তদারকি করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার। এ কার্যক্রমের উদ্বোধন করেন আমরা রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ নওশেদ সারওয়ার পিল্টু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোর্শেদ আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহম্মদ কোম্পানী, বন্দর থানা সাধারণ আওয়ামী লীগের সম্পাদক মোঃ ইলিয়াস, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ এসকান্দর মিয়া, সরকারী গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

হালিশহরে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল।

এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস এরশাদুল আমিন চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসলাম হোসেন।

এর আগে নগরীর কোতোয়ালী থানাধীন টেরীবাজার ব্যবসায়ী সমিতির অধীন বিভিন্ন ব্যবসায়ী-কর্মচারীসহ ১ হাজার ও বন্দর থানাধীন ইস্টপোর্ট কলোনীর তাল তলায় ট্রাক-কাভার্ডভ্যানের ২ হাজার শ্রমিককে অ্যাস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

Advertisement