টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস উদ্ধার

250

কক্সবাজার জেলার টেকনাফ থেকে ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম আইস জব্দ করেছে কোস্টগার্ড।

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সমুদ্র উপকূলবর্তী দরগারছড়া নামক স্থানে অভিযান চালিয়ে মাদকের বড় এই চালান আটক করা হয়।

এ বিষয়ে শুক্রবার দুপুরে টেকনাফ কোস্টগার্ডের পূর্বজোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এম. নাইম উল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া নামক স্থানে অবস্থান নিই। এ সময় সাগরপাড় এলাকা থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে ঝাউবনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যেরা তাকে থামানোর জন্য সংকেত দেয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে কোস্টগার্ড সদস্যরা ২ কেজি ৫০০ গ্রাম আইস জব্দ করে। যার মূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ আইসগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement