বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ১৭তম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। ষষ্ঠ ম্যাচে এটি খুলনার তৃতীয় জয়, অন্যদিকে পঞ্চম ম্যাচে সিলেটের চতুর্থ পরাজয়।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান জড়ো করে সিলেট। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মোহাম্মদ মিঠুন।
ওয়ান ডাউনে নেমে ৫১ বলে ৭২ রান করার পথে মিঠুন হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কা। ৩৪ রানে ৩ উইকেট পতনের পর মিঠুনের সাথে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, ৩টি চার ও ২টি ছক্কায় যিনি ৩৪ রান করেন ৩০ বলের মোকাবেলায়।
খুলনার পক্ষে ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ, ২০ রানের খরচায়। মাত্র ১০ রান দিয়ে নাবিল সামাদ শিকার করেন একটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। ফ্লেচার আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিলেও সৌম্যকে ফিরতে হয় আক্ষেপ নিয়ে। বিদায়ের আগে অফ ফর্মকে বিদায় জানিয়ে ৪৩ রান করেন ৩১ বলের মোকাবেলায়, হাঁকান ৬টি চার ও ১টি ছক্কা।
অর্ধশতকের পর বিধ্বংসী রূপ নেন ফ্লেচার। তার সাথে যোগ দেন থিসারা পেরেরা। ৪৭ বলে ৭১ রান করা ফ্লেচার হাঁকান ৫টি করে চার-ছক্কা। ৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান করে তার সাথে অপরাজিত থাকেন পেরেরা। খুলনা জয় পায় ৯ উইকেট ও ৩৪ বল হাতে রেখে।
সংক্ষিপ্ত স্কোর
টস : খুলনা টাইগার্স
সিলেট সানরাইজার্স : ১৪২/৫ (২০ ওভার)
মিঠুন ৭২, মোসাদ্দেক ৩৪
খালেদ ২০/২, নাবিল ১০/১
খুলনা টাইগার্স : ১৪৪/১ (১৪.২ ওভার)
ফ্লেচার ৭১*, সৌম্য ৪৩, পেরেরা ২২*
অপু ৩৯/১
ফল : খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।

















