বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। খুলনার জয়ে প্লে-অফে উঠতে ব্যর্থ হল মিনিস্টার ঢাকা।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে কুমিল্লা জড়ো করে ১৮২ রান, ৫ উইকেটের বিনিময়ে। ভারপ্রাপ্ত অধিনায়কের ভূমিকায় থেকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। বিপিএলে নিজের প্রথম শতক হাঁকিয়ে দলকে এনে দেন লড়াকু সংগ্রহে।
৫৪ বলে ১০১ রান করে অবশ্য বিদায় নিতে হয় তাকে। তার আগে হাঁকান ১২টি চার ও ৩টি ছক্কা। মাহমুদুল হাসান জয় ২৭ বল ৩১ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ১১ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে দাপুটে শুরু এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও শেখ মেহেদী হাসান। বিধ্বংসী ব্যাটিংয়ে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে ৮ বল ও ৯টি উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।
জয় এনে দেওয়ার পথে ফ্লেচার ও মেহেদী গড়েছেন বিপিএলের ইতিহাসের সেরা উদ্বোধনী জুটির রেকর্ড। একইসাথে সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটের জয় পাওয়ার কীর্তিও গড়েছে খুলনা।
৬টি করে চার-ছক্কা হাঁকিয়ে ফ্লেচার ৫৯ বলে পূর্ণ করেন আসরের চতুর্থ ও ক্যারিয়ারের দ্বিতীয় শতক। জয়ের একটু আগে সাজঘরে ফেরেন মেহেদী। তার আগে ৪৯ বলের মোকাবেলায় ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ৭৪ রান। ৫৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ফ্লেচার।
সংক্ষিপ্ত স্কোর
টস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৮২/৫ (২০ ওভার)
ডু প্লেসি, ১০১, জয় ৩১, অঙ্কন ২০*
মেহেদী ২৯/১, ফরহাদ ৩০/১
খুলনা টাইগার্স : ১৮৩/১ (১৮.৪ ওভার)
ফ্লেচার ১০১*, মেহেদী ৭৪
ফল : খুলনা টাইগার্স ৯ উইকেটে জয়ী।

















