অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদবিহীন উপকরণ দিয়ে খাবার তৈরি ও বিক্রি করায় গ্র্যান্ড সিকদার ও মোগল বিরিয়ানীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিকের) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদবিহীন উপকরণ দিয়ে খাবার তৈরি করে বিক্রির দায়ে দুইটি রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জামালখানে বাংলায় সাইনবোর্ড না লেখায় র্যাংকস ইমার্টকে ২ হাজার, ডিউর অপটিক্যাল থেকে ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কদমতলী, আইচ ফ্যাক্টরি রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির কাছ থেকে সাড়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
















