স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা সম্পন্ন হয়েছে। প্রথম দিনে স্বাগতিকদের ৫ উইকেট তুলে নিয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।
পোর্ট এলিজাবেথে টস হেরে বল করতে নেমে প্রথম সেশনে ভালো ছিল বাংলাদেশের পদচারণ। খালেদ আহমেদ ছাড়া আর কেউই পাননি উইকেটের দেখা। পরের সেশনে তাইজুল ইসলাম শিকার করেন দুটি উইকেট, একই সাথে রানের গতিও টেনে ধরেন।
তাইজুল ও খালেদের হাত ধরে শেষ সেশনে আরও দুটি উইকেটের পতন ঘটাতে সমর্থ হয় টাইগাররা। শেষ পর্যন্ত প্রথম দিনের ৯০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ২৭৮ রান, ৫ উইকেট হারিয়ে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা ও কিগান পিটারসেন। তিনজনই পেরিয়েছেন পঞ্চাশের ঘর, তবে কেউই তিন অঙ্কে পৌঁছাতে পারেননি। এলগার ৮৯ বলে ৭০, বাভুমা ১৬২ বলে ৬৭ ও পিটারসেন ১২৪ বলে ৬৪ রান করেন।
বাংলাদেশের পক্ষে তাইজুল শিকার করেছেন তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট পেয়েছেন খালেদ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৭৮/৫ (৯০ ওভার)
এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪, রিকেলটন ৪২, ভেরেইন্নে ১০*,
তাইজুল ৭৭/৩, খালেদ ৫৯/২
















