নগরের ইপিজেড এলাকায় লরিচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (৯ এপ্রিল) সকালে বন্দরটিলার শাহপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তাঁর ছেলে আবদুল মোমিন (৫)। আহত অপর ছেলের নাম মাহিত (৪)। তারা বন্দরটিলার আকমল আলী রোডে থাকেন বলে জানা যায়। আবু সালেহ ইপিজেডের এইচকেডি গার্মেন্টসে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাটগড় থেকে আসার সময় একটি লরি রিক্সাকে চাপা দেয়। এতে রিক্সায় থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। তবে রিক্সা থেকে ছিটকে পড়ে বেঁচে গেছেন মা।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, পতেঙ্গা থেকে আগ্রাবাদমুখী লরি বন্দরটিলার শাহপ্লাজার সামনে একটি রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে।
Advertisement
















