দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

511

চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার জড়ো করা ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে।

Advertisement

২য় দিন শেষে বিনা উইকেটে ৭৬ রান ছিল বাংলাদেশের সংগ্রহ। তামিম ইকবাল ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতেই তামিম অর্ধশতকের দেখা পেয়ে যান। রান তোলার দিক থেকে সতীর্থ মাহমুদুল হাসান জয়ের চেয়েও বেশি সাবলীল ছিলেন তিনি। লাঞ্চের আগে অর্ধশতক হাঁকান জয়ও, যা তার ক্যারিয়ারের তৃতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

লাঞ্চ বিরতির পর খেলতে নেমেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৪২ বল মোকাবেলায় ৯টি চার হাঁকানো জয় ৫৮ রান নিয়ে আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন নিরোশান ডিকওয়েলার হাতে। জয়ের বিদায়ের পর উইকেটে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক সৌরভ। শান্ত ২২ বলে ২ রান করে ও মুমিনুল ১৯ বলে ২ রান করে কাসুন রাজিথার শিকারে পরিণত হন। রাজিথা একাদশে না থাকলেও বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে তৃতীয় দিন মাঠে নামেন। বাংলাদেশ দল ৩ উইকেট হারালেও এই সেশনেই তামিম পূর্ণ করেন ক্যারিয়ারের ১০ম শতক।

৩ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। শেষ সেশনে মুশফিকুর রহিম অবশ্য মাঠে নামেন লিটন দাসকে নিয়ে। পেশিতে টান লাগায় তামিম ইকবাল ছিলেন ফিজিওর তত্ত্বাবধানে, তাই রিটায়ার্ড হার্ট হয়ে বিশ্রামে থেকে যান এই ওপেনার। তার আগে ২১৭ বলের মোকাবেলায় ১৫টি চার হাঁকিয়ে ১৩৩ রান করেন।

শেষ সেশনে মুশফিক ও লিটন বাংলাদেশকে আগলে রেখেছেন দক্ষ হাতে। দুজনই পূর্ণ করেছেন অর্ধশতক। মুশফিক ১৩৩ বলে ৫৩ ও লিটন ১১৪ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। মুশফিক দুটি ও লিটন আটটি চার হাঁকিয়েছেন নিজ নিজ ইনিংসে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রান থেকে এখন ৭৯ রানে পিছিয়ে আছে টাইগাররা। লঙ্কানদের পক্ষে কাসুন রাজিথা দুটি ও আসিথা ফার্নান্দো একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
টস : শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১

বাংলাদেশ ১ম ইনিংস : ৩১৮/৩ (১০৭ ওভার)
তামিম ১৩৩* (রিটায়ার্ড হার্ট), জয় ৫৮, লিটন ৫৪*, মুশফিক ৫৩*
রাজিথা ১৭/২, আসিথা ৫৫/১

বাংলাদেশ ৭৯ রানে পিছিয়ে

Advertisement