নগরে চালের পাইকারি বাজারে দুই রাইচ মিলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে যমুনা রাইচ মিলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
রাইচ মিলটি বগুড়ার একটি রাইচ মিলের বস্তায় নিজেরা অন্য চাল প্যাকেটজাত করছে এবং ওজনেও কারচুপি করেছে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রয়ের অভিযোগে ন্যাশনাল রাইচ এজেন্সিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেনামি পণ্য এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে সতেজ ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জাগো নিউজকে বলেন, একটি রাইচ মিলের বস্তায় অন্য চাল ভরে প্যাকেটজাত করার মাধ্যমে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে যমুনা রাইচ মিলকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মিলটি ওজনেও কারচুপি করছিল। তাছাড়া বেশি দামে চাল বিক্রির অভিযোগে ন্যাশনাল রাইচ এজেন্সিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
















