বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে নিজেদের তৈরী করার আহবান সুজনের

192

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর হিসেবে নিজেদের তৈরী করার জন্য মাদরাসা শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন দারুল উলুম মাদরাসা গর্ভনিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ রবিবার (১৬ অক্টোবর) সকালে আলিম পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি উপরোক্ত আহবান জানান তিনি।

Advertisement

এসময় তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষিত প্রজন্মের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। আর দেশ এগিয়ে গেলেই জাতির জনকের সোনার বাংলা নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাই এ বিষয়টি মাথায় রেখে বর্তমান সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি বই তুলে দিয়ে সরকার যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি উপবৃত্তি প্রদানসহ দেশের সব জাতিগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। এছাড়া সরকার মাদরাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে সংযুক্ত করে মাদরাসা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগেও পিছিয়ে নেই মাদরাসা শিক্ষা। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদরাসাগুলো। মাদরাসা জাতীয় উন্নয়নের সহায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যকরী নির্দেশনায় মাদরাসা শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। আলিম পরীক্ষায় উত্তীর্ণ মাদরাসার কোন শিক্ষার্থী যদি পাবলিক বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ উচ্চতর শিক্ষায় স্থান পায় সেক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষ তার ভতির্র সম্পূর্ণ খরচ বহন করবেন বলেও ঘোষণা দেন খোরশেদ আলম সুজন।

তিনি পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, রেজিঃ কার্ডসহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র যেমন-কলম, পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স সাদা ফাইলের মধ্যে গুছিয়ে রাখার জন্য পরীক্ষার্থীদের প্রতি আহবান জানান।

মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মও. মাহবুবুর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মুহাদ্দিস মও. আনোয়ার হোসাইন। এসময় মাদরাসার সর্বস্তরের শিক্ষক ও পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Advertisement