চট্টগ্রাম উইজার্ড বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়ঃ সুজন

235

চট্টগ্রাম উইজার্ড বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয় বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

Advertisement

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে চান্দগাঁও কোয়ালিটি স্পোর্টস ক্লাব মাঠে চট্টগ্রাম উইজার্ড আয়োজিত এস.এস.সি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম সুজন প্রথমেই চট্টগ্রাম উইজার্ড-কে বন্ধুত্ব বাঁচিয়ে রাখার যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। এ নগরীকে বাণিজ্যিক রাজধানীও বলা হয়। বিশাল এ নগরীতে প্রায় ৬০ লক্ষ মানুষের বসবাস। যার অধিকাংশই তরুন সমাজের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এতো বিশাল সংখ্যক তরুন সমাজের মানসিক বিকাশের জন্য এখানে কোন মাঠ এক প্রকার নেই বললেই চলে। যাও দু-একটা মাঠ নগরীতে এখনো দেখা যায় সেগুলোও বাণিজ্যিক আগ্রাসনে ক্ষত বিক্ষত। ফলত খেলাধুলার অভাবে তরুন সমাজ বিপথে ধাবিত হচ্ছে যেটা অস্বীকার করার কোন উপায় নেই। ধীরে ধীরে তারা মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আর এতে করে একসময় তাদের গায়ে কিশোর গ্যাং এর তকমাও লাগছে। তাই আমাদের সম্ভাবনাময় এসব তরুন সমাজকে বাঁচাতে হবে। তাদের জন্য প্রয়োজনীয় খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। যে সকল মাঠ বাণিজ্যিক আগ্রাসনে ক্ষত বিক্ষত সেগুলোকে খেলার উপযোগী করে গড়ে তুলতে হবে। নচেৎ একসময়কার চট্টগ্রাম থেকে উঠে আসা জাতীয় দলের খেলোয়াড় নান্নু, নোবেল, আকরাম, আফতাব, নাফিস, তামিম এদের নাম শুধু বই পুস্তকেই লিপিবদ্ধ থাকবে। নতুন কোন খেলোয়াড়ই সৃষ্টি হবে না। তাই আমাদেরকে যে কোন মূল্যে আগামী প্রজন্মের তামিমদের সৃষ্টি করতে হবে। আর আগামী দিনের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত তরুন সমাজ গড়ে তুলতে হলে নতুন নতুন খেলার মাঠ সৃষ্টি করার কোন বিকল্প নেই। এজন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য চট্টগ্রাম উইজার্ড এসএসসি ১৯৯৫-২০০৪ পর্যন্ত ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টে সারাদেশ থেকে মোট ২৪ টি দল অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম উইজার্ড এর সভাপতি রাজিব বড়ুয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক আদনান তালুকদারের সঞ্চালনায় এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর সেভেন গ্রুপের সিইও মোহাম্মদ আলি আকবর, প্যাসিফিক জিন্স এর পরিচালক সৈয়দ তানসির তৈমুর মোর্শেদ, চট্টগ্রাম উইজার্ড এর সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপু প্রমূখ।

Advertisement