মেহেদীবাগে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

167

নগরীর মেহেদীবাগ দারুস সোফ্‌ফা তাহফিজুল মাদ্রাসার বাথরুম থেকে সোমবার রাত ৯টায় এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

Advertisement

নিহত ছাত্রের নাম সাবিব সায়হান (৯)। তার পিতার নাম মশিউর রহমান। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণীতে পড়তো নিহত সাবিব।

চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওই ছাত্রের পিতা রেয়াজুদ্দিন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মশিউর রহমান চৌধুরী জয় নিউজকে বলেন, ছেলেকে আমি প্রতিদিন সকালে মাদ্রাসায় দিয়ে যাই। আবার রাত ৯টায় এসে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসি। এটা সারাদিনের মাদ্রাসা। প্রতিদিনের মতো সকালে দিয়ে এসেছিলাম। রাত ৯টায় আমাকে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয়– আপনি তাড়াতাড়ি মাদ্রাসায় আসেন। আপনার ছেলের অবস্থা খারাপ। আমি গেলে তারা বাথরুম থেকে আমার ছেলের লাশ বের করে। তারা বলছে– পড়া শেষ হয়েছে, ছুটি দিয়েছে। তারপর বাথরুমে গিয়ে আর বের হয়নি। তারা বলছে, আমার ছেলে আত্মহত্যা করেছে। কিন্তু সে কেন আত্মহত্যা করবে? তাকে হত্যা করা হয়েছে।

থানার ওসি মনজুর কাদের মজুমদার জানান, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তারপরও আমরা সবকিছু দেখছি। এখনো শিওর হয়ে কিছু বলতে পারছি না। তাকে বাথরুমের দরজা ভেঙে বের করা হয়েছে নাকি দরোজা খোলা ছিল এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, দরজা ভাঙার কিছু আলামত পাচ্ছি। এখানে সিসিটিভি আছে, আমরা ফুটেজ দেখে বলতে পারবো।

Advertisement