সীতাকুণ্ড প্রতিনিধি: একাউন্ট হোল্ডার এর স্বাক্ষর সীল জাল করে চেক জালজালিয়াতির মামলায় সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবলু মিয়াকে জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
বৃহস্পতিবার (২১ মার্চ) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলায় অভিযুক্ত ইউপি সদস্য বাবলু মিয়া সীতাকুণ্ড থানার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ বাদশা মিয়া’র পুত্র।
আদালত সূত্রে জানা যায়, জনৈক মহিউদ্দিন আহম্মদ বিগত ২৩ মে ২০২৩ সালে আদালতে আসামী বাবলু মিয়ার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। যাহার সি আর মামলা নং ৪৪০/২০২৩ (সীতাকুণ্ড) হয়। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে আসামীর বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম জেলাকে নির্দেশ দেন। পিবিআই বিগত ২০ নভেম্বর ২০২৩ চেক জালিয়াতির ঘটনা সত্য মর্মে রিপোর্ট দাখিল করেন। আদালত পিবিআই রিপোর্ট পর্যালোচনা করে আসামীর বিরুদ্ধে দন্ডবিধি ৪১৭/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৪/ ৫০৬ ধারার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
আজ বৃহস্পতিবার আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহ্সান, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোঃ বদরুল হাসান ও এডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দীন (আরমান)।

















