পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, শিশুসহ নিহত ৮

79

পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্য রাতে সদর উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারটি শিশু, দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া একটি মোবাইলফোনের তথ্য দেখে মনে হচ্ছে তাদের বাড়ি শেরপুর জেলায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন একই পরিবারের। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

জসীম আরও জানান, বুধবার রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন, মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)।

Advertisement