পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পাহাড়কে অশান্ত করে প্রেত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই বিষয়ে পাহাড়ি-বাঙালি সবাইকে খুব সর্তক থাকার অনুরোধ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিএনপির সকল সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাহাড়কে অশান্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা। এ জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ সতর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের ম্যান্ডেট দেওয়া হয়নি মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া বলেন, নির্বাচিত সরকারই দেশের ব্যাপক সংস্কারের কাজ করবে। এজন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার দাবি জানান তিনি।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান ওয়াদুদ ভুইয়া।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় রাজনীতি করেছে, ভবিষ্যতেও করবে।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মংসাথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় জেলার নয়টি উপজেলা, তিনটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নের সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















