আনোয়ারার বুরুমচড়া ও বটতলী বাজারে অভিযান: জরিমানা ১৪ হাজার

98

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ ২৮ অক্টোবর সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বুরুমচড়া রাস্তার মাথা ও বটতলী বাজারে মুদিমাল, সব্জির দোকান ও অন্যান্য পণ্য সামগ্রীর দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

Advertisement

মোবাইল কোর্ট চলাকালীন সময়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ৪ দোকানীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তন্মধ্যে ভাই ভাই ষ্টোরকে ৫ হাজার টাকা, বি.এ শাহ স্টোরকে ৫ হাজার টাকা, হাজী নুর আলী ষ্টোরকে ২ হাজার ও কামাল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনোয়ারা থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে। পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে জনমনে নাভিশ্বাস উঠেছে। বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার বুরুমচড়া রাস্তার মাথা ও বটতলী বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Advertisement