সীতাকুণ্ড প্রতিনিধি: ২০১৩ সালের ৭ আগস্ট বড়দারোগারহাটে জামায়াতকর্মী রাসেল বাবুকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ কমিশনার ও আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ মোট ৫৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, থানার ওসি ও ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জামায়াতকর্মী মীর ফরহাদ হোসেন। মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত করে পদক্ষেপ নেয়ার জন্য সীতাকুণ্ড মডেল থানাকে নির্দেশ দেন আদালত।
মামলায় আসামি করা হয়েছে সীতাকুণ্ড মডেল থানার সাবেক এএসপি বর্তমান সিলেট বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মো: সাইফুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, সীতাকুণ্ড থানার সাবেক ওসি ইফতেখার হাসান ও পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন, এসআই গোলাম ফারুক, রেজাউল করিম, মো: ফারুক, সরিফুজ্জামান, কাজি আশরাফ, সাবেক এমপি দিদারুল আলম, এস.এম আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, রেজাউল করিম বাহার, রায়হান উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাচ্চু বাহার, সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো: ফারুক।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৭ আগস্ট বড়দারোগারহাটের জামায়াতকর্মী রাসেল বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবুবক্কর ছিদ্দিক পারভেজ ঘটনাস্থলে নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচারপ্রার্থী হয়ে আদালতে এ মামলা করা হয়।

















