সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবীতে সীতাকুণ্ড উপজেলার ১০টি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথকভাবে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ১ নং সৈয়দপুর থেকে ১০ নং সলিমপুর ইউনিয়ন পর্যন্ত প্রতিটি ইউনিয়নে জামায়াতের কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হয়। র্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বিভিন্ন ইউনিয়নের কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মু. তাহের, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু.কুতুবউদ্দিন শিবলী,উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য কমিয়ে রাখা, অশ্লীল, সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকা এবং মাদকমুক্ত রমজান অতিবাহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
















