সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সীমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই পাষণ্ড স্বামী।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের শহীদ কলোনির মো. মাহমুদুল হক করিমের (২৯) স্ত্রী এবং একই ইউনিয়নের চারাকান্দি পূর্ব নডালিয়া গ্রামের আইয়ুব খানের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গৃহবধূ সীমা আক্তারের সাথে তার স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীকে পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্বামী মাহমুদুল হক করিম পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী সীমা আক্তার।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রক্তাক্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

















