চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ এনামুল হক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের জীবনের নিরাপত্তা ও জমি রক্ষার জন্য প্রধান উপদেষ্টা, আইন-শৃঙ্খলা বাহিনী এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি কুয়াইশ ভরা পুকুর এলাকার একটি খাস জায়গা মোঃ ইয়াকুবের কাছ থেকে সাধারণ পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে পেয়েছেন এবং সেখানে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছেন। তবে উক্ত জায়গায় দীর্ঘদিন ধরে দখলদারিত্ব দাবি করে আসছে স্থানীয় চাঁদাবাজ ও ভূমি দস্যু হিসেবে পরিচিত মোঃ ইকবাল ও মোঃ ইসকান্দর। তারা ইতোমধ্যে তার কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে, যা না দেয়ায় তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে তার নির্মিত বাউন্ডারি ওয়াল ও কালভার্ট ভেঙে দিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তিনি হাটহাজারী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: সি.আর ৫৫৪/২৪)। মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ মেলে এবং পুলিশ প্রতিবেদন দাখিল করে।
এনামুল হক আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে প্রতিহিংসাপরায়ণ হয়ে মোঃ ইসকান্দর ও মোঃ ইকবাল তাকে বেদখল করতে বিভিন্ন ষড়যন্ত্র ও ভূয়া দলিল দেখিয়ে মাঠে নামে এবং সর্বশেষ গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে। এ বিষয়ে তিনি ১৫ এপ্রিল চট্টগ্রাম আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন এবং প্রতারণার মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সবশেষে, তিনি অভিযোগ করেন, বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকির মধ্যে রয়েছেন। তাই তিনি জীবনের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
















