চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (CUCBA)-এর ২৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
চবি সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (CUCBA)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমের সভাপতিত্বে এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রফেসর ও চবি প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের এক্স ইডি এবং গাংচিল মিউজিক অ্যান্ড অ্যাসিক্স এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চবি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আফতাব উদ্দিন এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রোগ্রামের বিভিন্ন আইন-কানুন, কোর্স সিস্টেম, একাডেমিক কার্যক্রম এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ইভিনিং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তাদের MBA প্রোগ্রামের জন্য CUCBA-কে বেছে নিয়েছেন। CUCBA কেবল বিশ্বমঞ্চেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আমাদের দেশব্যাপী একটি কেন্দ্রীয় ও গৌরবময় প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দেশে প্রায় ১৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা প্রতিবছর অনেক প্রশিক্ষিত গ্র্যাজুয়েট প্রস্তুত করে থাকি, যারা দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিগত পর্যায় এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমাদের নীতিনির্ধারকদের মধ্যে এখনও যথেষ্ট সৃজনশীলতা ও পরিকল্পনার ঘাটতি রয়েছে, যা আমাদের সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে CUCBA তার প্রতিশ্রুতি অনুযায়ী সৃজনশীল, দক্ষ ও দেশপ্রেমিক পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উপ-উপাচার্য (একাডেমিক) ২৭তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিইউসিবিএ-এর ইভিনিং প্রোগ্রামে ভর্তিকৃত ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইফুর রহমান, তাজরিয়াল আলম ও জান্নাতুল মুনিরা।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে ২৭তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস পরিদর্শন করিয়ে দেখানো হয়। অনুষ্ঠানে ইভিনিং এমবিএ প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

















